সর্বশেষ

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর কারাগারে

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর কারাগারে
⏱️ পড়তে সময় লাগবে প্রায় 1 মিনিট

রাজধানীর মোহাম্মদপুরে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। তবে আদালত জামিন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ নভেম্বর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় সোহেল রানার বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগী এক নারী। এ মামলায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের নিজ বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল।

মামলার এজাহার অনুসারে, ভুক্তভোগী নারী একজন সাংস্কৃতিককর্মী। তার স্বামীর ব্যবসায়িক সূত্রে ২০২১ সালে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। পরে ভুক্তভোগীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা।

২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ভুক্তভোগীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

বাদী আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে এ ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করেন আসামি। এভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে।

চলতি বছরের ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আবারও নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাংলা আপডেট
সব পোস্ট দেখুন